কুষ্টিয়ায় লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার ছেউড়িয়া লালন শাহ মাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় কুমারখালীর লালন আখড়াবাড়িতে এই হামলার ঘটনা ঘটে, যেখানে তাঁর গাড়ি বহরেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পেছনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত রয়েছেন বলে ভুক্তভোগী পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদলটি কুষ্টিয়ার ভেড়ামারা এবং কুমারখালীর শিলাইদহে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করেন। সেখান থেকে সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে একটি গাড়িবহরযোগে তারা ছেউড়িয়ার লালন শাহ মাজারে আসেন। মাজার প্রাঙ্গণে পৌঁছামাত্রই তাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয় এবং ডিম নিক্ষেপ করা হয়।
হামলার তীব্রতায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে থাকা একটি কালো রঙের মাইক্রোবাসের কাচ ইট-পাটকেলের আঘাতে ভেঙে যায়। ঘটনার পর অবরুদ্ধ হয়ে পড়া দলটির সদস্যরা প্রায় এক ঘণ্টা মাজারের ভেতরে একটি নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
আক্রান্ত নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ছাত্রদলের ক্যাডাররা এই হামলা চালিয়েছে। হামলায় তাঁর তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তসলিম উদ্দিন নিশাত দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর এক কর্মী লালন মঞ্চের পেছনে মাদক সেবন করছিলেন। স্থানীয়রা এর প্রতিবাদ করলে মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি রাজনৈতিক নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় স্থানীয়দের সাথে সাধারণ ছাত্ররাও বিক্ষুব্ধ হয়ে ওঠে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালন মাজারে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
১০৭ বার পড়া হয়েছে