সর্বশেষ

সারাদেশ

শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নেই সর্বোচ্চ প্রাধান্য: এমপি জিন্নাহ কবির

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। রবিবার শিবালয়ের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজের শুভ সূচনা করেন। দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে ক্লাস করা শিক্ষার্থীদের কষ্ট লাঘব হতে চলায় তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জিন্নাহ কবির কেবল পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার বাইরে গিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। যুবসমাজ যদি সঠিক পথে পরিচালিত না হয়ে পথভ্রষ্ট হয়, তবে পরিবার ও রাষ্ট্র উভয়ই মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী সংস্কারের কথা উল্লেখ করে তিনি জানান, সমাজ ও রাষ্ট্রকে পুনর্গঠন করতে বেশ কিছু বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সুফল ঘরে তুলে দেশের শিক্ষিত তরুণ প্রজন্ম একদিন স্বাবলম্বী হয়ে উঠবে এবং দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে অবদান রাখবে।

সমাজে বিরাজমান নানা অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং সমাজবিরোধীদের রুখে দিতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবসমাজ ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে সব ধরণের অনৈতিক কার্যক্রম দূর করা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী সফিউদ্দীন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন এবং স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০