জামালপুরে জেলা গ্রাম আদালত কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা গ্রাম আদালত সক্রিয় করার মাধ্যমে গ্রামীণ জনগণের আর্থিক ক্ষতি ও হয়রানি লাঘবের পাশাপাশি মামলা জটিলতা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসনের আয়োজনে ৩০ সেপ্টেম্বর সকালে জেলা কালেক্টরেটের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক সুমি আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হকসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও ঝগড়া-বিবাদ নিরসনে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম। গ্রাম আদালত সক্রিয় হলে সাধারণ মানুষ অহেতুক মামলা-মোকদ্দমার জটিলতা ও হয়রানি থেকে রক্ষা পাবে। একই সঙ্গে বাদী ও বিবাদী উভয়েরই বড় অঙ্কের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে সম্প্রীতির বন্ধন বজায় রেখে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হবে। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
১১৮ বার পড়া হয়েছে