জামালপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। একই সাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। সভায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখতে গিয়ে সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগ জরুরি। এ সময় জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান এবং নাটাব সভাপতি তানভীর আহমেদ হীরাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন।
সভায় বক্তারা তামাকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, কেবল আইন প্রয়োগ করে তামাক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন ও পারিবারিক সচেতনতা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক প্লেসগুলোতে তামাকমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
এছাড়া, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের বিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এই টাস্কফোর্স সভায়।
১২৫ বার পড়া হয়েছে