সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর: একাধিক সেবা কেন্দ্র ও ‘হার স্পেস’ উদ্বোধন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলায় দিনব্যাপী এক ব্যস্ততম সফর সম্পন্ন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা। রোববার (২৭ সেপ্টেম্বর) বিভিন্ন উপজেলার সরকারি দপ্তর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ও আধুনিক ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় সরকারি কর্মকর্তাদের জনসেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।

পরিদর্শনের শুরুতেই সকাল নয়টায় শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান বিভাগীয় কমিশনার। সেখানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর উপস্থিতিতে তিনি দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং কাজের গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এরপর শ্রীনগর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ শেষে সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন তিনি।

দুপুরের দিকে বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য প্রত্যক্ষ করতে জমিদার যদুনাথ রায়ের বাড়ি ও বিক্রমপুর জাদুঘর ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখার পর তিনি ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুবিধার কথা বিবেচনা করে বিশেষ ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করেন। এ সময় তিনি ছাত্রীদের আত্মবিশ্বাসের সাথে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এরপরের গন্তব্য ছিল দৃষ্টিনন্দন আড়িয়ল বিল। সেখানে মুন্সীগঞ্জের পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। একই দিনে ভাগ্যকূল ইউনিয়ন ভূমি অফিস এবং মুন্সীগঞ্জ সদরের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে সেখানেও আরেকটি ‘কমফোর্ট জোন—হার স্পেস’ ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন তিনি।

সফরের শেষভাগে জেলা প্রশাসকের কার্যালয়ে আধুনিক ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা ভূমিসেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সবশেষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার সেবার মান বৃদ্ধি এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে দিনব্যাপী সফরের সমাপ্তি টানেন।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০