মুন্সীগঞ্জ সফর করলেন ঢাকা বিভাগীয় কমিশনার, উদ্বোধন করলেন একাধিক জনমুখী প্রকল্প
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা দিনব্যাপী এক রাষ্ট্রীয় সফরে মুন্সীগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি তদারকি ছাড়াও শিক্ষা ও জনসেবামূলক একাধিক নতুন উদ্যোগের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেলাজুড়ে দিনব্যাপী এক ব্যস্ততম সফর শেষ করলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো. মনিরুজ্জামান মিঞা। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সফরের শুরুতেই তিনি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বিভিন্ন নথিপত্র ও রেজিস্টার খতিয়ে দেখেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরপর বিভাগীয় কমিশনার শ্রীনগর উপজেলা ভূমি অফিস চত্বরে একটি ঔষধি নিমগাছের চারা রোপণ করেন। সেখানে সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শুনেন। পরবর্তীতে তিনি বিক্রমপুরের ঐতিহাসিক জমিদার যদুনাথ রায়ের বাড়ি ও বিক্রমপুর জাদুঘর পরিদর্শনের মাধ্যমে অঞ্চলের প্রাচীন পুরাকীর্তিগুলো ঘুরে দেখেন।
শিক্ষা ও নারী স্বাস্থ্য সচেতনতা প্রসারে এদিন বিশেষ গুরুত্বারোপ করা হয়। ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করেন তিনি। একই সাথে ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন এবং নতুন বেঞ্চ উপহার দেওয়া হয়।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিখ্যাত আড়িয়াল বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মুন্সীগঞ্জের পর্যটন শিল্পের অমিত সম্ভাবনাকে কাজে লাগানোর ব্যাপারে তাগিদ দেন তিনি। এছাড়া, বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অত্যাধুনিক ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে 'জেলা ভূমিসেবা কেন্দ্র' এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সফরের সমাপ্তি ঘটে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভার মধ্য দিয়ে। সেখানে বিভাগীয় কমিশনার সরকারি কর্মকর্তাদের সর্বোচ্চ সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করার তাগিদ দেন।
১০৯ বার পড়া হয়েছে