সালমানের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় ৩ জন গ্রেফতার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে জমি দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক ক্রাইম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সশস্ত্র একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শতাধিক মুখোশধারী ব্যক্তি কয়েকটি পিকআপ ভ্যানে করে সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ভাঙচুর চালান।
এ সময় হাউজিং প্রকল্পটির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, কয়েকজনকে মারধর এবং মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ ওঠে। হাউজিং কর্তৃপক্ষের দাবি, তাদের কার্যালয় থেকে প্রায় এক কোটি টাকা লুট করা হয়েছে।
একই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিওতেও হামলা ও ভাঙচুর করা হয়। স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম, কক্ষের আসবাব এবং অন্যান্য জিনিসপত্র ভাঙচুর ও লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টুডিওতে থাকা সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পর সালমান মুক্তাদির একটি ভিডিওবার্তায় বিষয়টি তুলে ধরেন। ভিডিওটি প্রকাশের পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। হামলার কারণ নিয়েও নানা প্রশ্ন ওঠে।
তবে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম সংবাদমাধ্যমকে বলেন, নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও হামলাকারীদের লক্ষ্য ছিল না বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে জানা গেছে, ৩৫ কাঠা জমির দখল-বেদখলকে কেন্দ্র করে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেন বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।
১২২ বার পড়া হয়েছে