নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জন নিহত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। টঙ্গী-পাঁচদোনা সড়কের ভাটপাড়া বাজার এলাকায় আজ সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদীর দিকে আসছিল। পাঁচদোনার ভাটপাড়া বাজার সংলগ্ন সড়কে পৌঁছালে অন্য একটি গাড়ি ওভারটেক করার চেষ্টা চালায় চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সাথে অটোরিকশাটির তীব্র সংঘর্ষ হয়।
ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান নুর উদ্দিন (৪৫) নামের এক যাত্রী। গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলাম (২২) নামে আরেকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত সাইদুল নরসিংদী সদর উপজেলার অন্তরামপুর এলাকার বাসিন্দা এবং নুর উদ্দিন আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাধবদী থানা পুলিশ। তারা ঘটনাস্থল থেকে নিহত নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত সিএনজি ও এর চালককে পুলিশ হেফাজতে নেয়।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম গণমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহতদের পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে।
১০৯ বার পড়া হয়েছে