সর্বশেষ

আন্তর্জাতিক

জরুরি বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

মো. রহমত আলী রিজভী
মো. রহমত আলী রিজভী

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে কীভাবে সামরিক সহায়তা দেওয়া যায়, তা নির্ধারণে তিন দেশের চিফ অব স্টাফদের নিয়ে জরুরি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এ বৈঠকের আয়োজন করছে। তবে বৈঠকের তারিখ এবং সম্ভাব্য সামরিক সহায়তার ধরন এখনো নির্ধারণ করা হয়নি।

নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে তিন দেশের সামরিক প্রধানদের বৈঠক কবে অনুষ্ঠিত হবে বা সৌদি আরবকে কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বৈঠক শেষে বিস্তারিত জানানো হয়নি।

চলতি বছরের ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরোধব্যবস্থা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো—তিন দেশের যেকোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

চুক্তি স্বাক্ষরের পর এর বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তিন দেশ। এর অংশ হিসেবে গত ৩১ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক প্রধানদের অংশগ্রহণে ‘কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে সৌদি আরবে একটি সচিবালয় স্থাপন এবং তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সম্মত হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে নিউইয়র্কের বৈঠকে সৌদি আরবের মক্কাসহ বিভিন্ন বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় সাম্প্রতিক হামলার নিন্দা জানান তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও তাঁরা পুনর্ব্যক্ত করেন।

ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে নতুন করে ধারাবাহিক হামলার খবরের মধ্যেই তিন দেশের মধ্যে এ কূটনৈতিক ও সামরিক তৎপরতা জোরদার হলো। বৃহস্পতিবার সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী তায়েফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০