ভারতের নয়ডায় স্লিপার বাসে আগুন, নিহত ৯
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারতের উত্তর প্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন যাত্রী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। গভীর রাতে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে বাসটি ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকেই প্রাণ বাঁচাতে বাসের জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়েন। তবে বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।
জীবিত উদ্ধার হওয়া এক যাত্রী জানান, অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন লাগার চিৎকার শুনে তাঁদের ঘুম ভেঙে যায়। পরে দ্রুত ধোঁয়ায় ভরে যায় বাসের ভেতর। এতে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহত যাত্রীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার নির্দেশও দিয়েছেন।
১২২ বার পড়া হয়েছে