জয়পুরহাটে দরিদ্র কৃষকের ৭০০ কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট সদর উপজেলায় শত্রুতার জেরে এক দরিদ্র কৃষকের দেড় বিঘা জমির প্রায় ৭০০টি ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বেসরকারি সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে গড়ে তোলা এই বাগান ধ্বংস হওয়ায় এখন ঋণের দায়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক।
ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে চড়া সুদে ঋণ নিয়ে গতনশহর মাঠে দেড় বিঘা জমিতে একটি কলাবাগান গড়ে তুলেছিলেন। চলতি মৌসুমে প্রতিটি গাছেই থোড় এসেছিল এবং অনেক গাছে কাঁচা কলাও ঝুলছিল। আশা ছিল, এবার ভালো দামে কলা বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করবেন।
কিন্তু মঙ্গলবার রাতের কোনো এক সময়ে একদল দুর্বৃত্ত বাগানে প্রবেশ করে নির্বিচারে প্রায় ৭০০টি ফলন্ত গাছ কেটে ফেলে রেখে চলে যায়। পরদিন সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী কৃষক। কলার ফলন ও বাজারমূল্য ভালো থাকায় এবার প্রায় দেড় লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছিলেন তিনি, যা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল।
কান্নাজড়িত কণ্ঠে নূর মোহাম্মদ জানান, গত বছর এই বাগান থেকে তিনি ৪৫ হাজার টাকা লাভ করেছিলেন। এবার লাভের আশায় মাথার ঘাম পায়ে ফেলে বাগান বড় করেছিলেন। সব শেষ হয়ে যাওয়ায় চড়া সুদের ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি।
এদিকে এমন নির্মম ও অমানবিক কর্মকাণ্ডে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী এই জঘন্য অপরাধের পেছনে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
১০৯ বার পড়া হয়েছে