শরীয়তপুরে সাজেদা ফাউন্ডেশনের ১০ হাজার চারা বিতরণ
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে ১০ হাজার বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ কার্যক্রম শুরু করেছে সাজেদা ফাউন্ডেশন। জেলার ১৯টি শাখার মাধ্যমে পর্যায়ক্রমে ১ হাজার ৩০০ গ্রাহকের মধ্যে এসব চারা বিতরণ করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শরীয়তপুরের আংগারিয়া শাখা থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন চারা বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু চারা বিতরণ নয়, গাছ লাগানোর পর সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দেরও উৎসাহিত করা হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা, সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক (বিবর্তন) মো. আমিনুল ইসলাম খান, আঞ্চলিক ব্যবস্থাপক (সূচনা) মো. মনজুর হাসান, সিনিয়র এলাকা হিসাব ব্যবস্থাপক মল. রুবায়েত হোসেন তালুকদার, এলাকা ব্যবস্থাপক (সূচনা) মো. আশ্রাফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (বিবর্তন) মো. উজ্জ্বল তালুকদার, শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলাম, টিএসএস (কৃষি) আব্দুল্লাহ আল রেজাসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকেরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষায় এ চারা বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
১২৩ বার পড়া হয়েছে