সর্বশেষ

জাতীয়

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা জানিয়েছে। এতে তাঁর মনে হচ্ছে, কমিশন আগামী বছর থেকেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। নির্বাচন কমিশনও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে কমিশন প্রথমে একটি সময়সীমা নির্ধারণ করে জানিয়েছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন হতে এখনো সময় বাকি থাকায় এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে মানুষের প্রতিক্রিয়া কী হবে, তা বলা কঠিন। নির্বাচনের সময় এলেই বিষয়টি বোঝা যাবে।

স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারকে না জানিয়েই নির্বাচন কমিশন আগে একটি তারিখ ঘোষণা করেছিল। বিষয়টি তুলে ধরার পর কমিশন সচিব পর্যায়ে আন্তমন্ত্রণালয় বৈঠক করে। এরপর সিদ্ধান্ত নিয়ে কমিশন গণমাধ্যমকে জানিয়েছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে নির্বাচন শুরু ও শেষ করা হবে।

মীর শাহে আলম বলেন, রমজান মাস, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয়টি বিবেচনা করেই হয়তো নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এসব শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। তবে নির্বাচন কমিশন ঠিক কবে ভোট শুরু ও শেষ করবে এবং এতে মোট কত টাকা খরচ হবে, তা আনুষ্ঠানিকভাবে এখনো সরকারকে জানায়নি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের সময় নিয়ে কী পরামর্শ দেওয়া হয়েছে—এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সচিব পর্যায়ের বৈঠকে যে পরামর্শ দেওয়া হয়েছে, তার আলোকে নির্বাচন কমিশন নিজেদের বক্তব্য জানিয়েছে। আগামী ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার কথা বলা হয়েছে, অর্থাৎ চলতি অর্থবছরের মধ্যেই নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের। কারণ নির্বাচন পরিচালনা করবে কমিশন। নির্বাচন আয়োজনের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পৃক্ত। এসব মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে অংশ নিয়েছেন। প্রয়োজনে তাঁরা আবারও বৈঠকে বসবেন।

নির্বাচনের সম্ভাব্য ব্যয় সম্পর্কে মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন একটি প্রাথমিক হিসাব দিয়েছে। পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। সরকার মোটামুটি এই পরিমাণ অর্থ দেওয়ার ব্যবস্থা রেখেছে। তবে প্রকৃত ব্যয় এর চেয়ে কিছুটা কম-বেশি হতে পারে।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা খরচ হতে পারে। উপজেলা নির্বাচনে প্রয়োজন হতে পারে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা। এই দুটি নির্বাচনেই মূলত বড় অঙ্কের ব্যয় হবে। এর বাইরে ৩৩০টি পৌরসভা এবং ১৩টি সিটি করপোরেশন নির্বাচনেও ব্যয় হবে, তবে এসব নির্বাচনে খরচের পরিমাণ তুলনামূলক কম।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০