লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে দুই শতাধিক শিক্ষার্থীর শপথ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় সততা ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দিতে দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে দুই শতাধিক শিক্ষার্থী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই শপথবাক্য পাঠ করানো হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। এ সময় শিক্ষার্থীরা অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার এবং সর্বদা দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
শপথ গ্রহণ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সচেতনতা বাড়াতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বিভিন্ন আকর্ষণীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এছাড়া সততা ও ভালো আচরণের জন্য কয়েকজন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন জেলা প্রশাসক।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, শুধু অর্থ আত্মসাৎ করাই দুর্নীতি নয়; নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করা এবং সময়ের কাজ সময়ে না করাও এক ধরণের দুর্নীতি। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ড. সৈয়দ এমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ সামদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান ও যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস।
অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল ও সহকারী কমিশনার লিখন কুমার রায়সহ দুপ্রক কমিটির স্থানীয় সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে