নিউইয়র্কে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি শুরুতেই মহাসচিবের প্রাতরাশে অংশগ্রহণ
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের কর্মসূচি শুরু করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশ সভায় অংশ নিয়ে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করা হয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে আয়োজিত প্রাতরাশ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান হোটেল থেকে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। পরে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা অংশ নেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রী কাতারিনা ভাজ পিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রাতরাশ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। অধিবেশন কক্ষের বাইরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তাঁর সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।
এদিন সন্ধ্যায় রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ হবে।
১২৮ বার পড়া হয়েছে