কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, মোটরসাইকেল চালক স্বামী আহত
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ডাক্তার দেখাতে যাওয়ার পথে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে স্বামীর সাথে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামীও আহত হয়েছেন।
নিহত গৃহবধূর নাম চায়না রানী বিশ্বাস (৪০)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলা পাড়া এলাকার বিদ্যুৎ কুমার বিশ্বাসের স্ত্রী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া বিআরবি কেবলসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চায়না রানী বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় তাকে নিয়ে কুষ্টিয়া শহরে এক চিকিৎসকের চেম্বারে যাচ্ছিলেন তার স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। কুষ্টিয়া শহরের প্রবেশ মুখে বিআরবি কেবলসের সামনে সড়ক চার লেনের একপাশের কাজ চলমান থাকায় অন্য সব যানবাহনের মতো তারাও বাধ্য হয়ে বিপরীত লেন দিয়ে এগোচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ঘাতক ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার চোটে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে চায়না রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী বিদ্যুৎ কুমারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুলতান জানান, নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করা যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে ঘাতক ট্রাক ও এর চালককে সনাক্ত করা সম্ভব হবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ প্রসঙ্গে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং ঘাতক গাড়িটি জব্দের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৮ বার পড়া হয়েছে