২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদন, নারায়ণগঞ্জে হচ্ছে আলাদা মাস্টারপ্ল্যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজউকের যেকোনো নকশা বা প্ল্যান এখন থেকে মাত্র ২৪ দিনের মধ্যে অনুমোদন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। একই সঙ্গে নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে মন্ত্রী এই যুগান্তকারী ঘোষণার কথা জানান।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসব তথ্য জানান। তিনি বলেন, রাজউক এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ সরকারেরই অংশ। জনগণের ভোগান্তি কমাতে এবং সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতেই কাজ করছে এই বিভাগ।
নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নে একটি বিশেষ মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়নের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, রাজউকের বিদ্যমান মহাপরিকল্পনার পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য সম্পূর্ণ আলাদা একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। সময়ের দাবি ও গুরুত্ব বিবেচনা করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে। বিশেষ করে ফতুল্লাসহ আশপাশের এলাকাকে এই কর্তৃপক্ষের আওতাভুক্ত করার সম্ভাবনা গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।
রাজউকের সেবা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, বিশাল এলাকার তুলনায় রাজউকে জনবল প্রয়োজনের চেয়ে অনেক কম ছিল। এই শূন্যতা পূরণে এবং সেবা মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতেই গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এর ফলে পূর্বের তুলনায় রাজউকের কার্যক্রমে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে এবং আগামী দিনে এই সেবা আরও সহজ হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
১২৪ বার পড়া হয়েছে