জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরাসরি আবেদনকারীদের হয়রানি এবং দালালদের মাধ্যমে অবৈধভাবে দ্রুত পাসপোর্ট দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযান চালানো হয়।
দুদক জামালপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে আজ দুপুরে শহরের শেখেরভিটা এলাকার পাসপোর্ট কার্যালয়ে এই অভিযান চালানো হয়। অভিযান শুরুর আগে দুদকের কর্মকর্তারা সাধারণ গ্রাহকের ছদ্মবেশে কার্যালয়ের বাইরের কম্পিউটার দোকানগুলোতে অনুসন্ধান চালান। সেখানে জানা যায়, নির্দিষ্ট কিছু দোকানের মাধ্যমে আবেদন করলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায়।
তদন্তে উঠে এসেছে, দালালি চক্রের মাধ্যমে জমা দেওয়া আবেদনপত্রগুলোতে বিশেষ কিছু প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হতো। এই সংকেতযুক্ত আবেদনগুলো কোনো বাধা ছাড়াই দ্রুত সম্পন্ন হতো, অন্যদিকে সাধারণ নিয়মে আবেদন করতে আসা নাগরিকেরা নানামুখী হয়রানির শিকার হতেন। পরবর্তীতে কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের সহায়তায় পাসপোর্ট অফিসে মূল অভিযান পরিচালিত হয় এবং নথিপত্রে এই বিশেষ চিহ্নের সত্যতা মেলে।
অভিযান চলাকালে দুদকের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে সন্দেহভাজন একজনকে আটক করা হলেও পরে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। নথিতে থাকা এসব সাংকেতিক চিহ্নের বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো যৌক্তিক জবাব দিতে পারেননি।
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদ জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি এখানে যোগদান করেছেন। মূলত পূর্ববর্তী কর্মকর্তা আব্দুল কাদিরের আমলের কিছু অভিযোগের ভিত্তিতে দুদক এই অভিযান চালিয়েছে। তবে বর্তমান কর্মীবাহিনীর কেউ যদি এই অনিয়মে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের অভিযানকারী দল জানিয়েছে, উদ্ধারকৃত তথ্যাদি এবং তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
১২৩ বার পড়া হয়েছে