লংগদুতে কিশোরী ধর্ষণের অভিযোগে সৎ বাবা ও ধর্ষণচেষ্টায় প্রতিবেশী গ্রেফতার
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির লংগদুতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা এবং ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার আটারকছড়া এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটক করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী তার মায়ের সঙ্গে অভিযুক্ত সৎ বাবার বাড়িতে থাকত। মামলার এজাহার অনুযায়ী, গত সপ্তাহে ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে কিশোরীটিকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫)। পরবর্তীতে তাকে একাধিকবার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণের এই ঘটনাটি স্থানীয় লোকজনের মাঝে জানাজানি হলে ভুক্তভোগীর ওপর কুদৃষ্টি পড়ে প্রতিবেশী যুবক শহিদুলের (২৩)। পরবর্তীতে সে সুযোগ বুঝে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী পরিবার পুলিশের আইনি সহায়তার দ্বারস্থ হয়।
বিষয়টি জানতে পেরে লংগদু থানা পুলিশের একটি চৌকস দল সোমবার রাতে ডানে আটারকছড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এ সময় মূল অভিযুক্ত ফজলুল হক এবং প্রতিবেশী শহিদুলকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরী ধর্ষণের খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আসামিদের গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
১২০ বার পড়া হয়েছে