সর্বশেষ

সারাদেশ

১৪ কোটি টাকার সার কালোবাজারি: শেরপুরে ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রির মামলায় ১০ জন বিসিআইসি ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। কৃষকদের সার সংকটে ফেলে এই বিপুল অঙ্কের সার আত্মসাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির আত্মসমর্পণকারী আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা নিম্ন আদালতে হাজির হয়েছিলেন। আদালত পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো ১০ জন বিসিআইসি (BCIC) সার ডিলার হলেন—মো. ফরহাদ আলী, মাজাহারুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, সুবর্ণা সাহা রায়, সুফিয়া বেগম, মরিয়ম আক্তার মুন্নী, তাপস নন্দী, সিরাজুল হক, ছামিদুল ইসলাম ফারাজী ও বোরহান উদ্দিন। এছাড়া ডিলারশিপ পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন, মনিরুজ্জামান মনির, প্রশান্ত সাহা, মো. বাদশা মিয়া ও জাকির হোসেন রতনকেও কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ জুলাই শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে সদর উপজেলার ১৫ জন সার ডিলারসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন সার কালোবাজারে বিক্রি করে দেন। এর ফলে স্থানীয় বাজারে সারের তীব্র কৃত্রিম সংকট তৈরি হয় এবং সাধারণ কৃষকেরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার কিনতে বাধ্য হন।

পরবর্তীতে কৃষি বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডিলারদের বিক্রয় রেজিস্টার ও ক্যাশ মেমো জব্দ করা হয়। প্রাথমিক তদন্ত ও নথিপত্র যাচাই-বাছাইয়ে সরকারি সার আত্মসাৎ ও অর্থ পাচারের এই নজিরবিহীন অনিয়মের সত্যতা মেলে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০