সর্বশেষ

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের বিমানটি সোমবার সকাল ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়। প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিটের যাত্রা শেষে বিমানটি ইস্তাম্বুলে অবতরণ করে। সেখানে দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে আবার উড়াল দেয়।

নিউইয়র্কে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হয়। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে তাঁর প্রথম ভাষণ। ৮১তম অধিবেশনে বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন তিনি। একই দিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।

২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট, জলবায়ু কার্যক্রম ও ন্যায়সংগত রূপান্তরসহ বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য ও মিডওয়াইফারি-সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সাক্ষাৎ রয়েছে। বিভিন্ন দেশের সরকারপ্রধানের পাশাপাশি জাতিসংঘ, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পেতে পারে।

২৪ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এবং কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও পৃথক বৈঠকের কর্মসূচি রয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া ক্রোয়েশিয়া, ভুটান, হাইতি ও তুরস্কের নেতাদের সঙ্গে বৈঠক এবং ইউরোপীয় কাউন্সিল ও বিশ্বব্যাংক গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা, ওয়াল স্ট্রিট ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ও স্লোগানকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে পোস্টার ও ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রোববার দুই পক্ষের মধ্যে উত্তেজনার কথা বলা হয়েছে।

পরে নিউইয়র্ক সিটি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলা হলেও আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর সফর ও জাতিসংঘে তাঁর ভাষণের দিন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর আগমন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর ও হোটেলের আশপাশে স্বাগত কর্মসূচি পালন করেন।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০