সর্বশেষ

গণমাধ্যম

চিরনিদ্রায় শায়িত রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর প্রবীণ সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর নগরীর হযরত শাহ মখদুম (রহ.) দরগাপাড়া জামে মসজিদে জানাজা শেষে হেঁতেম খাঁ গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর এই প্রয়াণে রাজশাহীর সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গত রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ৬২ বছর বয়সী এই প্রবীণ সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি গুরুতর কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবরে রাজশাহীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়।

মরহুমের জানাজায় অংশ নেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, আরএমপি কমিশনার ও জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

এছাড়াও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। রাজশাহী প্রেসক্লাব, এডিটরস ফোরাম ও সাংবাদিক ইউনিয়নের নেতারা কফিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন মরহুমের স্মৃতিচারণ করে বলেন, সাইদুর রহমান ছিলেন রাজশাহীর বিবেক ও রাজপথের অত্যন্ত সাহসী কণ্ঠস্বর। তাঁর এই চিরবিদায় রাজশাহীর গণমাধ্যম ও নাগরিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন সাইদুর রহমান। চার দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি ভোরের কাগজসহ দেশের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজশাহীর নাগরিক অধিকার রক্ষা ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি আন্দোলনে তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছেন।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০