আইনশৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের ওপর ভরসা করলে চলবে না: তথ্য প্রতিমন্ত্রী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুধু পুলিশ বা প্রশাসনের ওপর নির্ভর না করে সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহের নান্দাইলে এক বিশেষ আইনশৃঙ্খলা সভায় তিনি এই আহ্বান জানান।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দেশের বাস্তবতায় পুলিশের সীমিত জনবল ও সম্পদের বিষয়টি মাথায় রেখে সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতৃত্ব ও সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে সম্ভাব্য নাশকতার বিষয়ে যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার ওপর তিনি জোর দেন।
মাদক ও জুয়া নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের বিস্তার রোধে আন্তঃজেলা সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মাদকবিরোধী অভিযান কোনো সাময়িক বিষয় নয়, এটি একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া হতে হবে। এ ছাড়া তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তিনি পুলিশকে তাগিদ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। গুজবের কারণে যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সংসদ টেলিভিশনের আধুনিকায়নের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে একটি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং স্থানীয় বাজারে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সার্কেল এসপি দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ওসি মোঃ আজাহারুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১৩০ বার পড়া হয়েছে