বাগমারায় যুবদলের বিক্ষোভ, দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত ষড়যন্ত্র ও সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহীর বাগমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম টুটুল। সমাবেশে বক্তারা যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহীর বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
বাগমারা উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিকের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশকে নতুন করে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে যুবদলের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।
সভায় বক্তারা আরও যোগ করেন, দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। কর্মসূচিতে স্থানীয় যুবদল ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
১১৫ বার পড়া হয়েছে