সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটের বহুল আলোচিত গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন এবং আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ সাজেদা ইসলাম সাজু জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় তার ছোট মেয়েকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকায় তিনি অধিকাংশ সময় মেয়ের সাথে একাই থাকতেন। মেয়ের স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সাথে পূর্বপরিচয়ের সূত্র ধরে আসামিদের যাতায়াত ছিল ওই বাড়িতে।

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর সাজেদার মেয়ে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে গেলে আসামিরা তার বাড়িতে প্রবেশ করে অনৈতিক প্রস্তাব দেয়। এতে সাজেদা তীব্র আপত্তি জানালে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার হাত বেঁধে, মুখে স্কচটেপ লাগিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

পরীক্ষা শেষে মেয়ে বাসায় ফিরে মায়ের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে নিয়োজিত ছিলেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এ টি এম মিজানুর রহমান এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট ফরিদুজ্জামান।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০