খুলনায় আজমুল হত্যার বিচারের দাবিতে উত্তাল সড়ক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নগরী। জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সোনাডাঙ্গা প্রধান সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এদিকে নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে মেসের ম্যানেজার মেহেদীকে চিহ্নিত করে তার গ্রেফতার দাবি করেছে।
গত শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে অবস্থিত ইসলামনগর সড়কের একটি ছাত্রাবাসে ভাত চুরির মিথ্যা অপবাদ দিয়ে আজমুল হোসেনকে পাশবিক নির্যাতন করা হয়। নির্মম মারধরের একপর্যায়ে তাকে চারতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে মেসের ম্যানেজার মেহেদীর নাম এজাহারে না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার।
নিহত আজমুলের বাবা কুতুব উদ্দিন অভিযোগ করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি চক্র আজমুলকে জাল সার্টিফিকেট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেছিল। পরবর্তীতে আজমুল নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে ওই চক্রটি তার ওপর ক্ষুব্ধ হয় এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে। সেই অর্থ দিতে অস্বীকৃতি জানানোতেই পূর্বপরিকল্পিতভাবে ভাত চুরির নাটক সাজিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তিনি দাবি করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোনাডাঙ্গা ট্রাফিক মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে খুলনা শহরের ব্যস্ততম সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বলেন, সামান্য ভাত খাওয়ার অজুহাতে একজন শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যা করা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। এর পেছনে থাকা চাঁদাবাজি ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জালিয়াতি চক্রের মূল রহস্য উদ্ঘাটনের জোর দাবি জানিয়েছেন তারা।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কানাই লাল এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে শাস্তির দাবি জানান। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার গভীরতা বুঝতে সবকটি দিক মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে এবং মূল পরিকল্পনাকারী মেহেদীসহ সকল আসামিকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
১১৩ বার পড়া হয়েছে