আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। একই সময়ে পাক্তিকা প্রদেশের দুটি স্থানেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে আফগান কর্মকর্তাদের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আফগানিস্তানের কুনার প্রদেশের নুরগাল জেলায় সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে পাকিস্তানের বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। প্রাদেশিক মুখপাত্র ফরিদ দেহকান জানান, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ওই হামলা চালানো হয়।
তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কুনারের একটি বাড়িতে হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
হামদুল্লাহ ফিতরাত আরও জানান, কুনারের পাশাপাশি পাক্তিকা প্রদেশের বারমাল জেলাতেও দুটি স্থানে হামলা চালানো হয়েছে। এসব হামলায় একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগান কর্মকর্তাদের করা এসব অভিযোগের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে একই দিনে পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের ভেতরে তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে ২৮ জনকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় নিহতদের ‘সন্ত্রাসী’ ও আত্মঘাতী হামলাকারী হিসেবে উল্লেখ করেছে।
সাম্প্রতিক এসব হামলাকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে বড় ধরনের অবনতি হয়েছে। এর মধ্যে কয়েক দফা সীমান্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ডে অবস্থান করা সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালিয়ে আসছে। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানে আশ্রয় পাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ।
তবে আফগানিস্তানের তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের বক্তব্য, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা আফগানিস্তানের বিষয় নয়।
আফগানিস্তানে এবারের বিমান হামলার কয়েক দিন আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাটে একটি পুলিশ স্থাপনায় থাকা মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। ১৮ সেপ্টেম্বরের ওই হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে পুলিশ সদস্যও ছিলেন।
পাকিস্তান তালেবানের একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছিল। পরে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, পাকিস্তানে হামলার জবাব দিতে আফগানিস্তানের ভেতরে থাকা যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালানো হতে পারে।
এর কয়েক দিনের মধ্যেই কুনার ও পাক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ সামনে এলো। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।
১২১ বার পড়া হয়েছে