পাবনা আরএম একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঐতিহ্যবাহী রাধানগর মজুমদার (আরএম) একাডেমি স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণও বিতরণ করা হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান। প্রভাষক মোহাম্মদ ওয়ালীউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুরুন্নবী হুমু, সহকারী শিক্ষক সামির উদ্দিন, সহকারী শিক্ষক সুমন আলী শেখ, সাংবাদিক এসএম আলম এবং আব্দুল হামিদ খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জহুরুল ইসলাম বিশু বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের উৎসাহিত করা শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে দারুণভাবে অনুপ্রেরণা জোগাবে।
অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন।
১২১ বার পড়া হয়েছে