বান্দরবানে দুদকের তদন্তে জনস্বাস্থ্য প্রকৌশলের কাজ সন্তোষজনক
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ স্থাপন, জিএফএস ও রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্পে অনিয়মের অভিযোগে মাঠপর্যায়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে বাকীছড়া এলাকায় দেখা প্রকল্পগুলোর কাজ অনেকটাই সন্তোষজনক বলে জানিয়েছেন দুদক কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলার বাকীছড়া এলাকায় মাঠপর্যায়ে তদন্ত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান।
আবদুল্লাহ আল নোমান বলেন, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের গভীর নলকূপ স্থাপন, জিএফএস এবং রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে মাঠপর্যায়ে তদন্তে এসেছে দুদক।
তিনি বলেন, প্রথমে দপ্তরের কাগজপত্র যাচাই করা হয়েছে। এরপর বান্দরবান সদর উপজেলার বাকীছড়া এলাকায় গিয়ে মাঠপর্যায়ে কয়েকটি প্রকল্পের কাজ সরেজমিনে দেখা হয়। সেখানে পরিদর্শন করা প্রকল্পগুলোর কাজ অনেকটাই সন্তোষজনক বলে মনে হয়েছে।
দুদকের এই কর্মকর্তা জানান, চলতি অর্থবছরে বান্দরবানের অন্যান্য উপজেলাতেও এ ধরনের কাজ হয়েছে। সেসব প্রকল্পও যাচাই-বাছাই করা হবে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এ বিষয়ে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, দুদক যেসব প্রকল্প নিয়ে তদন্ত করতে এসেছে, সেগুলো মূলত ২০২৪-২৫ অর্থবছরের। ওই সময় বরাদ্দের টাকা না থাকায় প্রকল্পগুলোর কাজ ২০২৫-২৬ অর্থবছরে সম্পন্ন করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে