ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে জিম্মি করে ৭০ লাখ টাকা লুট
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা কারখানার পেছনের বাথরুমের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ওই কর্মকর্তার হাত-পা বেঁধে লকার থেকে টাকা নিয়ে যায়।
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ‘জিয়াং শোদ স্টোরেজ ব্যাটারী বিডি কোং লিঃ’ নামের কারখানায় লুটের ঘটনা ঘটে। রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই তাঁর শয়নকক্ষে ঘুমাতে যান। এর প্রায় ৪৫ মিনিট পর, রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি অজ্ঞাতনামা চোর চক্র কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
পরে দুর্বৃত্তরা ওই কর্মকর্তার কক্ষের দরজার লক ভেঙে ভেতরে ঢোকে। তারা লি পেংগুইয়ের হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন এবং গলায় ছুরি ধরে ভয় দেখান। একপর্যায়ে তাঁর কাছ থেকে লকারের চাবি নিয়ে সেখানে রাখা নগদ ৭০ লাখ টাকা নিয়ে যায়।
ঘটনার পর খবর পেয়ে ধামরাই থানার পুলিশ কারখানাটিতে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২৯ বার পড়া হয়েছে