রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রাকে আগুন
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়ক, কমলাপুর রেলস্টেশন ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের পাশাপাশি মিরপুর, বাড্ডা ও কেরানীগঞ্জে বাস ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হয়েছেন। একই রাতে সিরাজগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক এবং ময়মনসিংহ নগরীতে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পল্টন এলাকায় সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। বিস্ফোরণের শব্দ পাওয়া গেলেও ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটে। ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার নিকুলিং চাকমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর স্টেশনকেন্দ্রিক নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার সামাদ সুপার মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশনস) খালিদ হাসান জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এসব বিস্ফোরণ ঘটে। এতে মো. বিল্লাল হোসেন (৩২) নামের এক রিকশাচালক আহত হন।
এর আগে যাত্রাবাড়ী এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। সব মিলিয়ে ওই এলাকায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীতে বাসে আগুন
ককটেল বিস্ফোরণের পাশাপাশি রাজধানীর কয়েকটি এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস।
একই সময়ে মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের একটি বাসেও আগুন লাগে। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নেভানো হয়। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় একটি গ্যারেজের সামনে পার্ক করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
সিরাজগঞ্জে ট্রাকে আগুন
রাজধানীর বাইরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে ট্রাকটিতে আগুন দেখতে পান।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় ট্রাকটির চালক ও সহকারীকে সেখানে পাওয়া যায়নি।
আগুন কীভাবে লাগল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহে বাসে আগুন
এদিকে শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’ নামে একটি বাসে আগুন লাগে।
খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ কিছু আলামত জব্দ করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে একই সময়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলো তদন্ত করছে।
১১৮ বার পড়া হয়েছে