ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামী গ্রেপ্তার
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারায় গণধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত শুক্রবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই তরুণী তার চাচার বিয়ের কেনাকাটা ও সাজগোজের জন্য স্থানীয় ফকিরাবাদ বাজারের একটি কসমেটিক্স পার্লারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাঙ্গালপাড়া এলাকার রাসেলের মোটরসাইকেলে করে নিখোঁজ হন তিনি। অভিযোগ রয়েছে, রাসেল এবং তরুণীর সাবেক স্বামী আবু বক্করসহ আরও কয়েকজন মিলে তাকে কৌশলে তুলে নিয়ে যায়।
নিখোঁজ হওয়ার প্রায় ৪০ মিনিট পর পার্শ্ববর্তী বিলের মাঠে ওই তরুণীকে গুরুতর আহত ও অচেতন অবস্থায় ফেলে রেখে যায় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা ও বমির উপসর্গ নিয়ে তরুণীটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে ঘটনার পর ১৭ সেপ্টেম্বর তার বাবা বাদী হয়ে ভেড়ামারা থানায় সাবেক স্বামী ও রাসেলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন, যেখানে পূর্ব শত্রুতার জেরে মারধরের অভিযোগ আনা হয়েছিল।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জানান, নিহতের মা ও নানীর দাবি অনুযায়ী তরুণীটি মৃত্যুর আগে তাদের কাছে ৩-৪ জন মিলে গণধর্ষণের কথা উল্লেখ করেছিলেন। পুলিশ এই বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে মরদেহের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে সাবেক স্বামী আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
১০৫ বার পড়া হয়েছে