রাজশাহীতে অনৈতিক নারী কর্মকাণ্ডেের অভিযোগে সাবেক ওসি মাহবুব আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে এক নারীসহ আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে মহানগরীর নাদের হাজির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁর কথিত ষষ্ঠ স্ত্রীর ফোন পেয়ে তাঁকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মহানগরীর নাদের হাজির মোড় এলাকার ওই বাসায় অন্নি আক্তার নামের এক নারী উপস্থিত হন। তিনি নিজেকে সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী হিসেবে দাবি করেন। তাঁর অভিযোগ ছিল, মাহবুব তাঁর কথা গোপন করে অন্য এক নারীকে নিয়ে ওই ঘরের ভেতর অবস্থান করছিলেন।
দীর্ঘক্ষণ দরজায় কড়া নাড়ার পরও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় অন্নি আক্তার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রিমা থানা পুলিশের একটি দল। এরপরও ভেতর থেকে দরজা খুলতে অস্বীকৃতি জানানো হলে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজার লক ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে পুলিশ।
অভিযানের সময় ওই ফ্ল্যাট থেকে সাবেক ওসি মাহবুব আলম এবং মহানগরীর সিরইল কলোনি এলাকার বাসিন্দা সানজিদা আক্তার মৌ নামের এক নারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চন্দ্রিমা থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে এই আটকের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ইতিপূর্বে ঘুষ ও দুর্নীতির নানা অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মাহবুব আলম। বর্তমানে তিনি সিরাজগঞ্জ পুলিশ ট্রেনিং স্কুলে সংযুক্ত আছেন।
১০৯ বার পড়া হয়েছে