জীবাশ্ম জ্বালানি বন্ধ ও নবায়নযোগ্য শক্তির দাবিতে মোংলায় মানববন্ধন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে নতুন কোনো জীবাশ্ম জ্বালানি প্রকল্প না করা, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ এবং নবায়নযোগ্য শক্তির প্রসারের দাবিতে মোংলায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দারা সুন্দরবন রক্ষায় রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি জানান।
১৮ সেপ্টেম্বর সকালে মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর পাড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 'ধরিত্রী রক্ষায় আমরা' (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে বৈশ্বিক জলবায়ু সুরক্ষা সপ্তাহের (Global Week of Action) অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এবং কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ ও 'ধরা'-র কেন্দ্রীয় নেতা মোঃ নূর আলম শেখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশকর্মী অসীমা মন্ডল, সৃষ্টি সরকার, রেশমা খাতুন, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রতিনিধি মেহেদী হাসান।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলোর মাধ্যমে বিগত দিনে কতিপয় অসাধু ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদ দেশের অর্থনৈতিক খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে। এই লুটপাটতন্ত্র বন্ধ করে সৌরশক্তি ও বায়ুবিদ্যুতের মতো টেকসই পরিবেশবান্ধব উৎস কাজে লাগিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশ থেকে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জলবায়ুর বিপর্যয় মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং একটি ন্যায়ভিত্তিক সবুজ বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান বক্তারা।
১৪৮ বার পড়া হয়েছে