সর্বশেষ

সারাদেশ

তফসিল ঘোষণার আগেই জয়পুরহাটে ভোটের হাওয়া

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেল শোডাউন ও জমকালো ভুরিভোজের আয়োজন করে নিজেদের শক্তি প্রদর্শন করছেন।

জয়পুরহাটের বিভিন্ন ইউনিয়নে এখন বইছে আগাম নির্বাচনী হাওয়া। জেলার ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে রীতিমতো শোডাউন শুরু করেছেন। এই শোডাউনের অংশ হিসেবে কোথাও শত শত মোটরসাইকেলের মহড়া দেওয়া হচ্ছে, আবার কোথাও আয়োজন করা হচ্ছে হাজার হাজার মানুষের বিশাল ভুরিভোজের।

ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করতে চান বিএনপি নেতা আলমগীর হোসেন মোল্লা। সম্প্রতি তিনি নিজের প্রার্থিতা জানান দিতে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। স্থানীয় হাটশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে প্রায় সাত থেকে আটশত মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা শুরু হয় এবং পুরো ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে অংশ নেওয়া নেতাকর্মীদের আপ্যায়নের জন্য আয়োজন করা হয়েছিল এক মহাভোজের। সকাল থেকেই ১০ মণ চাল ও ১০০ কেজি খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্নার মহাযজ্ঞ শুরু হয়। এছাড়া দিনভর নেতাকর্মীদের জন্য চা, বিস্কুট ও পান-সুপারির ব্যবস্থাও রাখা হয়েছিল। প্রার্থী আলমগীর হোসেন জানান, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের অনুরোধেই তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন।

একই উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহেদুর রহমানও নির্বাচনী প্রচারণায় নতুনত্ব এনেছেন। তিনি সম্প্রতি মনঝার হাইস্কুল মাঠে প্রায় আট হাজার মানুষের জন্য এক বিশাল ভুরিভোজের আয়োজন করেন। এর আগে তিনি শতাধিক রিকশাভ্যান নিয়ে একটি ভিন্নধর্মী শোভাযাত্রা করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন।

এদিকে আক্কেলপুর উপজেলার রাইকালী ইউনিয়নেও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সেখানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মতিয়র রহমান কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে মাঠে নেমেছেন। স্থানীয় ভোটারদের মতে, তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের এমন নানামুখী প্রচারণা পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০