মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন রাজশাহীর এসআই আশরাফুল
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদকবিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য রাজশাহীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে পুরস্কৃত করা হয়েছে। বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও কারবারিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা দেওয়া হয়।
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি এসআই আশরাফুলের হাতে সাফল্যের এই সম্মাননা স্মারক তুলে দেন।
পুরস্কার পাওয়ার পর এক অনুভূতি প্রকাশে এসআই আশরাফুল ইসলাম পরম করুণাময়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখার সকল কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আগামীতে মাদক নির্মূলে আরও কঠোরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
একই সাথে তিনি জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান। বিশেষ করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আলী এবং অভিযানের অন্যতম সহযোগী সদস্য মাহবুব রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজশাহী জেলা ডিবি সূত্রে জানা গেছে, জেলায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা পুলিশের এই সাঁড়াশি ও নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
১০৫ বার পড়া হয়েছে