আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার অর্জনকারী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো কোনো অর্জন করলে সরকার রাষ্ট্রীয়ভাবে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের চার হাফেজকে বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের অর্জনের প্রশংসা করে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হাফেজদের এই সাফল্য শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়, এটি দেশের মানুষের জন্যও সম্মানের বিষয়।
তিনি বলেন, ‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন নয়। আমি মনে করি, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন।’
ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগীদের অংশগ্রহণে সরকারের কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা এরকম আন্তর্জাতিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করুক এবং অংশগ্রহণ করার মাধ্যমে তাদের নিজেদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা সম্মান এবং গৌরব নিয়ে আসুক।’
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সহযোগিতা নিয়ে সরকার দেশের জন্য ভালো কিছু পরিবর্তন আনতে চায়। এ ক্ষেত্রে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে চাই।’
সৌদি আরবে অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। এতে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী।
এ ছাড়া ১৫ পারা হিফজ বিভাগে হাফেজা রাবেতা বিনতে রমজান এবং ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ তৃতীয় স্থান অর্জন করেন।
১৪৮ বার পড়া হয়েছে