কুষ্টিয়ায় আলাদা বজ্রপাতে নিহত ২, আশঙ্কাজনক চিকিৎসাধীন ৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে পৃথক এই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দহকুলা মাঠে কাজ করার সময় হঠাৎ তীব্র বজ্রপাত শুরু হয়। এতে কারিগর পাড়া ও জোতপাড়ার তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলী নুশু (৪৫) নামের এক কৃষক মারা যান। নিহত রওশন দহকুলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
এই ঘটনায় আহত অপর দুজন হলেন— দহকুলা গ্রামের সমেজ আলী এবং জোতপাড়া এলাকার আব্দুল জলিল। বর্তমানে তারা কুষ্টিয়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
অন্যদিকে, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আরোজ আলী (৪০) নামের আরেকজনের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। হঠাৎ করে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুটি ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১৬০ বার পড়া হয়েছে