ময়মনসিংহে ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আল আমিন এবং নেত্রকোনার বারহাট্টা এলাকার কুলসুমা। তারা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান জানান, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ৫৭ জন, নারী ৩৬ জন এবং ১০ জন শিশু রয়েছে।
চিকিৎসক সূত্রে আরও জানা গেছে, গত এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৫ জন রোগী। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত এই হাসপাতালে সর্বমোট ২ হাজার ৩৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
১০৬ বার পড়া হয়েছে