সাতক্ষীরায় নকল সার ও কীটনাশক তৈরির দায়ে ডিলার আটক
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালায় বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশকসহ মশিয়ার রহমান মোড়ল নামের এক বিসিআইসি সাব-ডিলারকে আটক করেছে র্যাব। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার সকালে উপজেলার লাউতাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, তালা উপজেলার লাউতাড়া গ্রামে লাইসেন্সধারী সাব-ডিলার মশিয়ার রহমান তার বাড়িতে গোপনে ভেজাল সার ও কীটনাশক তৈরি করছেন। অত্যন্ত চতুরতার সাথে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের লোগো ব্যবহার করে এসব নকল কৃষি উপকরণ বাজারে সরবরাহ করা হচ্ছিল।
এই তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মশিয়ারের বাড়িতে বিশেষ অভিযান চালায় র্যাব। অভিযানকালে সেখান থেকে প্রায় ৯০০ লিটার তরল কীটনাশক এবং ৮৭০ কেজি নকল সার ও অন্যান্য কৃষি পণ্য তৈরির কাঁচামাল জব্দ করা হয়। একই সাথে বিপুল পরিমাণ খালি বোতল এবং নকল লেবেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
পরবর্তীতে আটককৃত মশিয়ার রহমানকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অপরাধের সত্যতা পেয়ে মশিয়ারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। জব্দকৃত সমস্ত ভেজাল মালামাল ধ্বংস করার নির্দেশ দিয়েছেন আদালত।
১১৪ বার পড়া হয়েছে