ময়মনসিংহ মেডিকেলের শিশু ওয়ার্ডে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় লাগা এই আগুনের জেরে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়িতে কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতালজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ওয়ার্ডের ভেতর ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে চিকিৎসাধীন শিশু রোগী এবং তাদের সঙ্গে থাকা স্বজনদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে হাসপাতালের সিঁড়িতে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে গিয়ে কয়েকজন রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপের কারণে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের তাৎক্ষণিক ও কার্যকর প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের ফলে ভবনের ভেতর প্রচণ্ড ধোঁয়া জমে গিয়েছিল, যা পরবর্তীতে বের করে দেওয়া হয়।
এদিকে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ সম্পর্কে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিফটের মেশিন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিল। বর্তমানে হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রমও যথানিয়মে সচল রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য খুব শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গঠন করা হবে।
১১১ বার পড়া হয়েছে