কলাপাড়ায় বিআরটিসি বাসের নিচে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নিহত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহিন তার নানাবাড়ি হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় বেড়াতে এসেছিল। সেখান থেকে তার নানা-নানির সঙ্গে বরিশালে খালার বাড়িতে যাওয়ার কথা ছিল তার।
দুপুরে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে তারা বরিশালের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বিআরটিসি বাসকে (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাহিনের ওপর উঠে যায়। বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘাতক বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
১০৮ বার পড়া হয়েছে