শ্রীনগরে গরুর খামারে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি গরুর খামার ও খড়ের গাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে আশপাশের বহু বসতবাড়ি। গভীর রাতে ঘটা এই দুর্ঘটনায় কোনো মানুষ বা গবাদিপশুর ক্ষয়ক্ষতি হয়নি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলার দক্ষিণ পাকশা কোলাপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল শেখের কাঠ ও টিন দিয়ে তৈরি গরুর খামারে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের খড়ের গাদায় ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার ফাইটারদের প্রায় দেড় ঘণ্টার অবিরাম চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সময়মতো অগ্নিনির্বাপণ সম্ভব হওয়ায় আগুন অন্য কোনো ঘরে ছড়াতে পারেনি।
খামার কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই অত্যন্ত সতর্কতার সাথে খামারে থাকা সবকটি গরু নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ফলে গবাদিপশুর কোনো ক্ষতি হয়নি। তবে আগুনে খামারের কাঠ-টিনের ঘর এবং খড়ের গাদাটি পুড়ে ছাই হয়ে গেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর ভূমিকার কারণে একটি বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে এবং আশপাশের বহু বসতবাড়ি সুরক্ষিত রয়েছে।
২৬৪ বার পড়া হয়েছে