এলপিজির দাম পরিবর্তনে বিইআরসির গণশুনানি শুরু
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে এ শুনানি শুরু হয়। এতে এলপিজির মূল্য পরিবর্তনের পাশাপাশি মজুতকরণ, বোতলজাতকরণ ও বিতরণসংক্রান্ত বিভিন্ন চার্জ পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।
ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পরিবর্তনের প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে এ শুনানি শুরু হয়। শুনানি চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিইআরসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুনানিতে ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি এলপিজির মূল্য পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, পরিবেশক চার্জ এবং খুচরা বিক্রেতাদের চার্জ পরিবর্তনের প্রস্তাবও পর্যালোচনা করা হবে।
এলপিজি অপারেটর, মজুতকরণ ও বোতলজাতকরণ প্রতিষ্ঠান এবং পরিবেশকদের পক্ষ থেকে এসব মূল্য ও চার্জ পরিবর্তনের প্রস্তাব কমিশনে জমা দেওয়া হয়েছে।
কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী, প্রস্তাবগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার জন্য এ গণশুনানির আয়োজন করেছে বিইআরসি। শুনানিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার পাশাপাশি প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় দলিল উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর এলপিজি অপারেটরদের পক্ষ থেকে মূল্য পরিবর্তনের প্রস্তাব জমা দেওয়া হয়। এসব প্রস্তাব পর্যালোচনার পর গণশুনানির আয়োজন করে কমিশন।
শুনানিতে অংশীজনদের মতামত ও উপস্থাপিত প্রস্তাব পর্যালোচনা করে এলপিজির দাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন চার্জের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিইআরসি। তবে নতুন দাম কত হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
১৩৫ বার পড়া হয়েছে