বগুড়ায় নজরুল বর্ষ উদ্যাপন ও ‘সৃজন সাংস্কৃতিক একাডেমি’র যাত্রা শুরু
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদ্যাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘সংস্কৃতির সৃজনে, মননের খোঁজে’ প্রতিপাদ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘সৃজন সাংস্কৃতিক একাডেমি’। স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই যুগলবন্দি আয়োজন সম্পন্ন হয়।
বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করে শহীদ টিটু মিলনায়তনে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্য ও কালজয়ী সংগীতের নানা দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তারা নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাম্যবাদী ও মানবিক দর্শন ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্বের পর শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা কবির জনপ্রিয় কবিতা আবৃত্তি এবং নজরুলের অমর গান পরিবেশন করেন। দর্শক-শ্রোতাদের উপচে পড়া ভিড় পুরো মিলনায়তনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ‘সৃজন সাংস্কৃতিক একাডেমি’র আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। নতুন এই সংগঠনের উদ্যোক্তারা জানান, বগুড়ায় সুস্থ ও অপসংস্কৃতিমুক্ত সমাজ গঠনে এবং তরুণ প্রতিভাদের বিকাশে একাডেমিটি নিয়মিত বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে।
১০৭ বার পড়া হয়েছে