নিষেধাজ্ঞা থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রতিমন্ত্রী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বগুড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ব্যবস্থা নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।
প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, যে রাজনৈতিক দলের কার্যক্রম বর্তমানে আইনিভাবে নিষিদ্ধ রয়েছে, তাদের কোনো দলীয় কর্মসূচি পালন বা নির্বাচনে অংশ নেওয়ার আইনি ভিত্তি নেই। যদি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোনো প্রকার সভা-সমাবেশ কিংবা দলীয় কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
বিগত সরকারের আমলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার ওপর জোর দেন তিনি। মীর শাহে আলম জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। এ লক্ষে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং বাজেটে প্রায় ছয় হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
আসন্ন নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন নিয়ে প্রতিমন্ত্রী জানান, সংশোধিত আইন অনুযায়ী এবার স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকবে না। নির্বাচন হবে সাধারণ প্রতীকে। তবে মাঠপর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বগুড়ার স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, সরকারের বয়স মাত্র ছয় মাস হলেও বড় বড় প্রকল্প যেমন ইপিজেড, বিমানবন্দর এবং বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ নিয়মতান্ত্রিক প্রশাসনিক প্রক্রিয়া মেনে এগিয়ে চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি বগুড়াবাসী দেখতে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পরবর্তীতে প্রতিমন্ত্রী মোকামতলা উপজেলায় একটি মেধা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে দুটি স্কুল বাস প্রদানের ঘোষণা দেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১০৯ বার পড়া হয়েছে