জামালপুরে অনুমোদনহীন ট্রাভেল এজেন্সি, মালিকের কারাদণ্ড
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর শহরের হাসপাতাল রোড এলাকায় অনুমোদন ছাড়া ‘মোবাল্লিগ ট্রাভেলস’ নামে ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মো. আমির হামজাকে আটক করা হয়। পরে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জামালপুর শহরের হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ‘মোবাল্লিগ ট্রাভেলস’ নামে প্রতিষ্ঠানটি ট্রাভেল এজেন্সির কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় মিথ্যা ও প্রতারণামূলক তথ্যসংবলিত ভিজিটিং কার্ড বিতরণের অভিযোগও পাওয়া যায়।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক মো. আমির হামজাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন ও প্রতারণামূলকভাবে পরিচালিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১১৯ বার পড়া হয়েছে