সাগরে বিলীন কুয়াকাটার পুলিশ বক্স, হুমকিতে মেরিন ড্রাইভ ও বেড়িবাঁধ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে ট্যুরিস্ট পুলিশের সার্ভিস বক্স। একই সঙ্গে মেরিন ড্রাইভের সানসেট পয়েন্টসহ বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে পুরো সৈকত রক্ষা বাঁধ। দ্রুত স্থায়ী পদক্ষেপ না নিলে এই আন্তর্জাতিক পর্যটনকেন্দ্রটির অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
পটুয়াখালীর কুয়াকাটায় সাম্প্রতিক সময়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে সৈকত তীরের ব্যাপক ক্ষয়সাধন হয়েছে। জিরো পয়েন্ট থেকে পশ্চিমে লেম্বুর বন পর্যন্ত বিস্তৃত বেড়িবাঁধের সিসি ব্লকগুলো একের পর এক স্থানচ্যুত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কিছু এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে সাময়িক চেষ্টা করলেও তা ভাঙন রোধে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় কাটছে না।
দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ভাঙনের ফলে বিলীন হয়েছে এলজিইডির বায়োগ্যাস প্ল্যান্ট, ইকোপার্ক ও নারিকেল বাগানসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা। হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, শত কোটি টাকার বিনিয়োগ ও আন্তর্জাতিক মানের এই পর্যটন শিল্প এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে। স্থায়ী সমাধান হিসেবে সাড়ে সাতশত কোটি টাকারও বেশি ব্যয়ের যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছিল, তা এখনো অনুমোদন পায়নি।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মতে, ভাঙন প্রতিরোধে আপাতত কম ব্যয়সম্পন্ন বিকল্প পরিকল্পনা গ্রহণের কাজ চলছে। এছাড়া জনপ্রতিনিধিরা আশ্বস্ত করেছেন যে, স্থায়ী বাঁধ নির্মাণের কাজ খুব দ্রুতই শুরু হবে। তবে বাস্তবমুখী পদক্ষেপ দ্রুত কার্যকর না হলে কুয়াকাটার সৈকত রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
১০৭ বার পড়া হয়েছে