ভারত সফরের দলে ব্রাজিলের ৮ নতুন মুখ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্বকাপের হতাশাজনক অধ্যায়ের পর ব্রাজিল দলকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন আটজন নতুন খেলোয়াড়। বাদ পড়েছেন বিশ্বকাপে খেলা বেশ কয়েকজন তারকা।
বিশ্বকাপের ব্যর্থতার পর ব্রাজিল জাতীয় দলে পরিবর্তনের আভাস আগেই দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। এবার অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণার মধ্য দিয়ে সেই পরিবর্তনের প্রথম ধাপ শুরু করলেন ব্রাজিলের ইতালিয়ান কোচ।
ঘোষিত ২৬ সদস্যের দলে নতুন করে ডাক পেয়েছেন পেদ্রো মরিসকো, ওতাভিও, আর্থুর দিয়াস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, জাইর, ব্রুনো বিডন ও গ্যাব্রিয়েল বোনটেম্পো। তাঁদের মধ্যে বেশ কয়েকজনেরই জাতীয় দলে অভিষেকের অপেক্ষা।
বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা অনেক ফুটবলার এবার দলে নেই। তিন গোলরক্ষক আলিসন, এদেরসন ও ওয়েভারতনকে রাখা হয়নি। মিডফিল্ডে কাসেমিরো, লুকাস পাকেতা ও ফাবিনিওর পাশাপাশি আক্রমণভাগের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও মাতেউস কুনিয়াও বাদ পড়েছেন।
দল ঘোষণার পর আনচেলত্তি বলেন, বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রত্যাশা অনুযায়ী দল খেলতে পারেনি। তবে এখন ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন একটি পথচলা শুরু করতে চান তিনি।
সেপ্টেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ব্রাজিল। সেখানে ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ভারত সফরে যাবে দলটি।
ভারতের বিপক্ষে ম্যাচটি হবে ৩ অক্টোবর কলকাতায়। ওই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্দ্রিক ও এস্তেভাওদের মতো তারকাদের মাঠে দেখা যাওয়ার কথা।
ব্রাজিলের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
ডিফেন্ডার: আর্থুর দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাইস, জাইর, মার্কিনিওস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রুনো বিডন, ব্রুনো গিমারাইস, দানিলো, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোনটেম্পো।
ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, পেদ্রো, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়ুস জুনিয়র।
১০৭ বার পড়া হয়েছে