১ ডিসেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব: ময়মনসিংহে প্রতিমন্ত্রী
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে লোকজ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। ময়মনসিংহে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। হারিয়ে যাওয়া দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য।
ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত 'লোকজ সাংস্কৃতিক মেলা'র উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত এই উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংগীতের পাশাপাশি স্থান পাবে ভাটিয়ালী, জারি, সারি, লোকসংগীত, বাউল গান, পিঠা উৎসব ও ঘুড়ি ওড়ানোর মতো লোকজ ঐতিহ্য। পাশাপাশি নতুন প্রজন্মের রুচি বিবেচনায় রেখে তরুণদের ব্যান্ড সংগীতকেও এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংস্কৃতির বর্তমান পরিস্থিতি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের গ্রাম ও শহরের অনেক সাংস্কৃতিক উপাদান বর্তমানে বিপন্ন হয়ে পড়েছে। সঠিক পরিচর্যা ও নিয়মিত পৃষ্ঠপোষকতার অভাবেই আমাদের সংগীত, নৃত্য ও লোকজ সংস্কৃতি কাঙ্ক্ষিত বিকাশ পাচ্ছে না। একটি গাছ যেমন সার ও পানি ছাড়া বৃদ্ধি পায় না, সংস্কৃতিকেও একইভাবে লালন করতে হবে।
অনুষ্ঠানে তিনি আরও জানান, দেশে বর্তমানে নজরুল বর্ষ উদযাপিত হচ্ছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে আগামী নভেম্বরের শেষভাগে জাতীয় পর্যায়ের মূল আয়োজন হবে। কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে এ উদ্যাপন ২০২৭ সালের মে মাস পর্যন্ত অব্যাহত থাকবে। আলোচনা পর্ব শেষে মঞ্চে বিশিষ্ট শিল্পী কুদ্দুস বয়াতি পালা গান পরিবেশন করেন।
১১৬ বার পড়া হয়েছে